মহানন্দার পানি বিপদসীমার উপর
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও মহানন্দার পানি এখনো বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৩ সেন্টিসিটার এবং মহানন্দার পানি ৭ সেন্টিমিটার কমেছে।
এতে পদ্মার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে এবং মহানন্দার পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপরে রয়েছে।
রোববার সদর উপজেলার সুন্দরপুর ও চর বাগডাঙ্গা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পানিবন্দি রয়েছে কয়েকহাজার মানুষ।
স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ ধরে তারা পানিবন্দি অবস্থায় রয়েছেন। এদের মধ্যে অনেকে উঁচু জায়গা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেন।
আশ্রয় নেয়া সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামের তপন কর্মকার জানান, বন্যার পানিতে তার বাড়ি ডুবে যাওয়ায় উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, সদরের আলাতুলি, শাহজাহানপুর, দেবীনগর, ইসলামপুর, সুন্দরপুর, নারায়ণপুর, অনুপনগর, মহারাজপুর, রানীহাটি ও বারোঘরিয়া ইউনিয়ন এবং শিবগঞ্জের পাঁকা, দুর্লভপুর, মনাকষা, ঘোড়াপাখিয়া, ছত্রাজিতপুর, শাহবাজপুর ও উজিরপুর ইউনিয়ন প্লাবিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, জেলার বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ছয় হাজার ৮৪৩ হেক্টর জমির আউস ধান ও ৫৩০ হেক্টর জমির সব্জি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মতিউর রহমান জানান, ১৩৮ মেট্রিক টন চাউল ও এক লাখ ৭৫ হাজার টাকা ইতিমধ্যে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে।
ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
