বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ ৪৬ জন আটক
বেনাপোলের সাদিপুর সীমান্তের এপাড় থেকে নারী ও শিশুসহ ৪৬ জনকে আটক করেছে বিজিবি।
রোববার রাতে তাদের আটক করার পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। সোমবার তাদের আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।
বিজিবি ও পুলিশ বলছে, ভারত থেকে অবৈধভাবে এপাড়ে আসায় তাদের আটক করা হয়েছে।
তবে, আটকরা জানান- অবৈধভাবে ভারতে যাওয়ায় সেদশে সাজাভোগ শেষে রোববার বিএসএফ তাদের এপাড়ে ঠেলে পাঠিয়েছে।
একদিন আগে আরো ২৮ বাংলাদেশিকে সীমান্ত অতিক্রম করার অভিযোগে আটক করেছিল বিজিবি।
বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল আজিজ জানান, রোববার রাতে অবৈধভাবে সাদিপুর সীমান্ত দিয়ে দেশে ঢোকার অভিযোগে বিজিবি তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় দিয়েছে।
আটকরা হলেন দিবাকর বসু (২৩), মনিস বৈরাগী (২০), আকলিমা (৩৫), আলামিন ফারাজি (২৮), দবির হোসেন (২৩), আবু খায়ের (২০), সুনিল চন্দ্র দাস (৪৫), সাহেদা বেগম (২৫) ও তার মেয়ে আসমা(০২), আনোয়ার (১৫), আব্দুল করিম (২৬), জামিলা বেগম (২২), সমিরা বেগম (২৩), নূরি বেগম (১৯) ও তার ছেলে আনিস (০২) মেয়ে রেসমা (০৫), নাহার বেগম (৩৭) ও তার ছেলে হোসেন (১৫), আব্দুল (১৪), ইমান (২১), মোস্তফা ভুইয়া (১৯), নূরইসলাম (২৪), গোপাল বিশ্বাস (৩০), আলমগীর ফকির (২৮), সুধির গাইন (২৭), ইব্রাহিম (১৪), দুলু মিয়া (২৭), প্রফুল্য মন্ডোল (৭০), মোশারেফ হোসেন (২৫), ময়না বেগম (২২), ছেলে ইষান আলী (০৪), আসলাম (২৭), দুলু শিখদার (২৩), জাহানারা (২৫), ইয়াছিন শেখ (৩০) ও তার স্ত্রী শাহানাজ বিবি (২৪) এবং মানিক বিশ্বাস(২৩)।
এরা সবাই বাগেরহাট, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, শরীয়তপুর, গোপালগঞ্জ, গাজীপুর, রংপুর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও ঝিনাইদহের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটক বাগেরহাটের রনজন বসুর ছেলে দিবাকর বসু ও সাতক্ষীরার আমজাদ হোসেনের ছেলে মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, ভালো কাজের আশায় তিন বছর আগে দালালরা তাদের অবৈধ পথে ভারতে পাঠায়। সেখানে দেশটির পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়।
আদালতের রায়ে তারা সাড়ে তিন বছর কলকাতার ‘দমদম সেন্ট্রাল জেলে’ কারাভোগ করেন।
তারা আরো জানান, সাজা শেষে রোববার ভারতের পুলিশ তাদেরকে হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। রাত ১১টার দিকে কাঁটাতারের বেড়া খুলে বিএসএফ তাদের এপারে ঠেলে দেয়। পরে বিজিবির হাতে আটক হন।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান বলেন, অবৈধ পথে এপারে প্রবেশের অভিযোগে সাদিপুর থেকে তাদের আটক করা হয়েছে।
