২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু

হামলায় আহত হওয়ার ১৯ দিনের মাথায় মাগুরার এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর সাড়ে ৩টায় আকমল হোসেনের মৃত্যু হয় বলে শ্রীপুর উপজেলা আওযামী লীগের যুগ্ম আহবায়ক কাজী তারিক জানান।

আকমল হোসেন শ্রীপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক ছিলেন। তার বাড়ি উপজেলার সারঙ্গদিয়া গ্রামে।

হামলার পর আকমলের দেয়া জবানবন্দির বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, আধিপত্য বিস্তার নিয়ে  গত ১৩ অগাস্ট রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় কাজলী বাজার থেকে বাড়ি ফেরার পথে সারঙ্গদিয়া গ্রামের ওয়াপদা স্লুইস গেটের সামনে আগে থেকে অবস্থান নেয়া উজ্জ্বল, মারুফুল, ছারোয়ার, রুবেল, রাজু, সাহেব আলী, শাবু, সামছু বিশ্বাস ও তুহিনসহ ৮/১০ জন আকমলের হাত ও পায়ের রগ কেটে দেয়।

ওই রাতেই তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল এবং  পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

“ঢাকা নেয়ার আগে ঘটনায় জড়িত উপরে উল্লেখিত আট জনের নাম বলে গেছেন আকমল,” বলেন ওসি।

এদিকে শনিবার বিকালে আকমলের মৃত্যুর খরর ছড়িয়ে পড়লে এলাকায় তার দলের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং  প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে হামলা চালায়।

বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।