২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ক্যাবল ব্যবসায়ী খুন

গাজীপুরের বারবৈকা এলাকায় ‘ব্যবসায়ের বিরোধে’ এক ক্যাবল ব্যবসায়ী খুন হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাহাত ক্যাবল নেট ওয়ার্কের স্বত্তাধিকারী শাহাদত হোসেনের (২৫) মৃত্যু হয়।

শাহাদতের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, সকাল ১০টার দিকে চৌরাস্তার উদ্দেশে বাড়ি থেকে বের হন শাহাদত। বাড়ির থেকে কিছুদূর যাওয়ার পর তার চাচাতো ভাই মো. মোশারফ হোসেন, স্থানীয় মইন, শহিদ ও মনিরসহ কয়েকজন যুবক তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছলে চিকিৎসকরা শাহাদতকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, ক্যাবল ব্যবসা নিয়ে শাহাদতের সঙ্গে স্থানীয় মোশারফদের বিরোধ ছিল। এর জেরেই ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে মামলা হয়েছে।