২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শহীদ মিনার ভাংচুর মামলায় অভিযোগপত্র  

ফেনীতে শহীদ মিনারে ভাংচুরের মামলার সাড়ে ছয় মাস পর জামায়াত ও হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

গত ২৮ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হলেও পুলিশ বিষয়টি জানায় শনিবার।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামাল হোসেন জানান, ১৪৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়েছে।

তিনি বলেন, আসামিদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন ১৩৮ জন।

মামলার আসামিদের মধ্যে জেলা জামায়াতের আমির একেএম নাজেম ওসমানী, সেক্রেটারি একেএম সামছুদ্দিনসহ অনেকেই জামিনে রয়েছেন।

ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, ওই মামলায় অনেক আসামি গ্রেপ্তার হলেও পরবর্তীতে হাইকোর্ট থেকে অনেকেই জামিন নিয়ে কারাগারের বাইরে রয়েছেন।   

গত ২২ ফেব্রুয়ারি জুমার নামাজের পর হেফাজতের মিছিল থেকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালিয়ে গণজাগরণের অস্থায়ী মঞ্চসহ শহীদ বেদিতে থাকা একুশের ফুলের তোড়া ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে ভাংচুর চালানো হয়।

ওইদিন রাতে ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭শ’ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়।  

পুলিশ ও আইশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ঘটনা ঘটলেও পুলিশ তাৎক্ষনিক কোন ব্যবস্থা না নেওয়ায় ফেনী মডেল থানার তৎকালীন ওসি মো. মাঈনুল আবসারকে ওই থানা থেকে অপসারণ করা হয়।