কমিটির দ্বন্দ্বে কসবায় আ.লীগের মিছিলে হামলায় আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বের করা একটি মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার দুপুরের এ হামলায় ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।
আওয়ামী লীগ নেতা মো. তসলিম বলেন, উপজেলা আওয়ামী লীগের ‘অবৈধ’ কমিটি বাতিল করে গঠনতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি করার জন্যে ১৫ দিনের আলটিমেটাম দেয়া হয়েছিল।
তসলিম জানান, কমিটি বাতিলের দাবিতে ‘তৃণমূল আওয়ামী লীগের’ ব্যানারে শান্তিপূর্ণ মিছিল করার সময় প্রতিপক্ষ মিছিলে হামলা চালিয়েছে।
তিনি বলেন, হামলায় কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, মো. তসলিম, শফিকুল এসলাম স্বপন, কামাল হোসেন, গোলাম জিলানী, মো. আলামিন, রোপস ও মিজানুর রহমানসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী অজহারুল ইসলাম বলেন, কমিটি বৈধভাবেই করা হয়েছে। সুতরাং নতুন কমিটি করার কোন প্রশ্নই উঠে না।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কসবা থানার ওসি মো. বদরুল আলম তালুকদার বলেন, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
