২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে নরসিংদীর রায়পুরা উপজেলায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণ করে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারটি উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামের বাল্লারচর বিলে অবতরণ করে। তবে এতো কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হেলিকপ্টারে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আরাফাত রহমান, ফ্লাইং অফিসার রাকিব আহমেদ ও সার্জেন্ট জুহুরুল ছিলেন।

স্কোয়াড্রন লিডার মো. আরাফাত রহমান জানান, দুপুরে বিমান বাহিনীর-২৯৮ হেলিকপ্টারটি তেজগাঁও পুরাতন বিমান বন্দর থেকে উড়াল দেয়।

“দুপুর ১২টা ৩৬ মিনিটে হঠাৎ ট্রান্সমিশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।”

পরে সুবিধামতো বাল্লারচর বিলের মাঝখানে একটি পতিত জমিতে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বলে জানান স্কোয়াড্রন লিডার।

খবর পেয়ে বিমানবাহিনীর অন্য একটি হেলিকপ্টারে করে টেকনিক্যাল টিমের লোকজন ঘটনাস্থলে এসে ত্রুটিমুক্ত করে।

পরে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে জানান রায়পুরা থানার ওসি মাহমুদুল ইসলাম।