লক্ষ্মীপুরে দুর্ঘটনায় আইনজীবী নিহত
লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টায় শহরের লিল্লাহ জামে মসজিদের কাছে রায়পুর-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ছয় জন আহত হন।
নিহত দেলোয়ার হোসেন (৩৫) শহরের বাঞ্চানগরের ৪ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুল করিমের ছেলে।
আহতদের মধ্যে স্থানীয় আব্দুল মান্নানের মেয়ে তানিয়া (৩), নোমানের ছেলে আবীর (৪), সাহেদ আহমেদ (৬০), হাসিনা আক্তার (৫০) ও আব্দুস সাহেদকে (৬০) লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি আলতাফ হোসেন জানান, আইনজীবী এ সময় কর্মস্থলে যাচ্ছিলেন।
সিএনজি অটোরিকশা ও পিকআপটি পুলিশ আটক করেছে। তবে চালকরা পালিয়ে গেছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
