তাইন্দংয়ে হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তাইন্দংয়ে পাহাড়ি গ্রামে ‘পরিকল্পিতভাবে’ হামলা ও ভাঙচুর করা হয়েছে অভিযোগ করে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে কয়েকটি সংগঠন।
তাইন্দং হামলার এক মাস পূর্তিতে মঙ্গলবার শাহবাগে এক সংহতি সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করারও দাবি জানান সমাবেশের বক্তারা।
গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদ আয়োজিত এ সংহতি সমাবেশে তাইন্দং হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও অংশ নেন।
সংহতি সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে যান। হামলার ঘটনার প্রতিবাদে সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
তাইন্দং ঘুরে আসা নাগরিক সমাজের প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান সমাবেশে বলেন, বাঙালি, আদিবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে ঘটনাটি ছিল পরিকল্পিত। কামাল হোসেন নামে এক ব্যক্তির অপহরণ নাটক সাজিয়ে ওই হামলা চালানো হয়।
তিনি বলেন, “হামলার কয়েকদিন আগে ২৭টি মসজিদের মাইক থেকে পাহাড়িদের বিরুদ্ধে প্রস্তুত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। এখন তারা অপ্রতুল জনবলের অজুহাত দেখাচ্ছে, কিন্তু তারা কেন অতিরিক্ত ফোর্স আনেনি- তার জবাব মেলেনি।”
রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে মন্তব্য করে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “তাইন্দংয়ে পরিকল্পিত হামলার শাস্তি নিশ্চিত করতে হবে। তবে বিচার বিভাগীয় তদন্ত কতোটুকু সুফল বয়ে আনবে তাও অনিশ্চিত। অনেক সময় দেখা যায় বিচার বিভাগীয় তদন্ত কমিটিও হামলাকারীদের পক্ষ নিচ্ছে।”
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অমৃত রঞ্জন চাকমা বলেন, “গত ৩ অগাস্ট ওই হামলার কয়েক দিন আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছিল বাঙালি সেটেলাররা। অপহরণ নাটক সাজিয়ে আমাদের সম্পদ লুটপাট ও ভূমি দখলের জন্য এ হামলা চালানো হয়েছিল।”
অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, ‘ল্যাম্পপোস্ট’ সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব সাদিক, পেশাজীবী আদিবাসীদের পক্ষে পুলক জীবন খীসা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদ সভাপতি থুইক্ক সিং মারমা সংহতি সমাবেশে বক্তব্য দেন।
গত ৩ অগাস্ট তাইন্দংয়ের ক্রসিং এলাকায় মো. কামালউদ্দীন নামে এক এক বাঙালি মোটরসাইকেল চালক অপহরণের খবর ছড়িয়ে পড়লে পাহাড়িদের কয়েকটি গ্রামে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ওই হামলায় ৩৫টি বাড়ি ও একটি বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেয়া হয়। ভাংচুর করা হয় আরো প্রায় তিন শতাধিক বাড়িতে। লুটপাট করা হয় মূল্যবান সামগ্রী ও টাকা।
ঘটনার প্রাথমিক অনুসন্ধানের পর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে’ একটি চক্র বাঙালি কামালের অপহরণ-নাটক সাজায়।
