আদিলকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দিতে নির্দেশ
বিকৃত তথ্য প্রচারের অভিযোগে গ্রেপ্তার মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দিতে বলেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ সোমবার অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয়।
আদিলের স্ত্রী সায়রা রহমান খান রোববার এই রিট আবেদন করেন।
অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি আদিলকে কেন প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, ঢাকা গাজীপুরের জেলা প্রশাসক, কারা মহাপরিদর্শক, ঢাকা ও কাশিমপুর কারাগারের জেলারকে এর জবাব দিতে হবে।
আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আসাদুজ্জামান ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে গত ১০ অগাস্ট আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তার করে পুলিশ।
শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মীদের সরিয়ে দিতে গত ৫ মে রাতে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান চালায়, তাতে ৬১ জন নিহত হয় বলে এক প্রতিবেদনে প্রকাশ করে ডানপন্থীদের সমর্থনপুষ্ট অধিকার।
সরকারের পক্ষ থেকে অধিকারের কাছে ওই তথ্যের সপক্ষে প্রমাণ চাইলে তারা নিহতদের নামের তালিকা বা পরিচয় জানাতে অস্বীকার করে।
গ্রেপ্তারের পর ১১ অগাস্ট আদিলকে ৫ দিনের রিমান্ডে নিতে অনুমতি দেয় নিম্ন আদালত। তবে হাই কোর্ট ওই রিমান্ড স্থগিত করে দেয়।
