ভোটাধিকার থাকছে না দণ্ডিত যুদ্ধাপরাধীদের
বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজাপ্রাপ্তদের ভোটার হওয়ার পথ বন্ধ করতে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এ দুটি আইনে দণ্ডপ্রাপ্তরা ভবিষ্যতে আর বাংলাদেশের ভোটার হতে পারবেন না। এখন কারো নাম তালিকায় থাকলে তাও বাদ দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ দুটি বিষয় রেখে ‘ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, এ আইন কার্যকর হলে বাংলাদেশ কোলাবোরেটর স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট-১৯৭২ এবং ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্টে দণ্ডপ্রাপ্তরা বাংলাদেশের ভোটার হতে পারবেন না।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতেই দালাল আইনে দণ্ডিতদের ভোটার হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এতে বলা হয়, কোনো ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকাভুক্ত হতে পারবেন, যদি তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত না হয়ে থাকেন। আর সংবিধানের ৬৬ অনুচ্ছেদ সংশোধন করে নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রেও তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশে যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে ভোটার তালিকা আইনে এ বিষয়টির উল্লেখ না থাকায় নির্বাচন কমিশনের প্রস্তাবে আইনটি সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৭২ সালের দালালে আইনে দণ্ডিত ৪৭ জনকে বাদ দেয়ার জন্য ইতোমধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকল্প অফিসে নাম পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। রায়ে এ পর্যন্ত ছয় জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে, যাদের চার জন মৃত্যুদণ্ড পেয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত জাময়াত নেতা গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মো. কামারুজ্জামান ও আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের মধ্যে শেষ ব্যক্তি ছাড়া সবাই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায় বহাল থাকলে তাদের আর ভোটাধিকার থাকবে না।
অনুমতি ছাড়া পরিচয়পত্রের তথ্য প্রকাশ নয়
১৮ বছরের কম বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দিতে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
কোনো ব্যক্তি বা নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত্র তথ্য বা উপাত্তের বিষয়ে গোপনীয়তা লংঘন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনে।
তবে আইন মেনে নির্ধারিত পদ্ধতিতে কমিশন থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে বলে সচিব জানান।
