ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে ‘দালালদের’ নাম
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তার দায়ে দালাল আইনে দণ্ডিতদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। আর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দণ্ডিতদের একটি তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ৪৭ জনের একটি তালিকা পাঠানো হয়েছে। নামগুলো এখনো আমি দেখিনি।”
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে শিগগিরই তা কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে বলে সচিব জানান।
নির্বাচন কমিশন বিদ্যমান ভোটার তালিকা প্রণয়ন করে ২০০৮ সালে। এরপর ২০০৯ ও ২০১২ সালে তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করে চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়।
ইসির কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং পঞ্চদশ সংবিধান সংশোধনীর পর এই দণ্ডিতদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি কমিশনের নজরে আসে।
এরপর বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের (১৯৭২) অধীনে দণ্ডিতদের তালিকা চেয়ে গত ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে একটি চিঠি দেন ইসি সচিবালয়ের উপ সচিব।
এতে বলা হয়, “সংবিধানের ১২২ অনুচ্ছেদের দফা ২ (ঙ) অনুসারে দণ্ডিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া প্রয়োজন। এজন্য ওই আদেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিবরণসহ তাদের নামের তালিকা প্রয়োজন।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে (১২২ অনুচ্ছেদের দফা ২) একটি শর্তে বলা হয়েছে- কোনো ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকাভুক্ত হতে পারবেন, যদি তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত না হয়ে থাকেন।
এছাড়া সংবিধানের ৬৬ অনুচ্ছেদ সংশোধন করে দালাল আইনে দণ্ডিতদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।
জাতীয় বা আন্তর্জাতিক আদালত ও ট্রাব্যুনালে দণ্ডিত হলে তাদেরও সংসদ নির্বাচনে নিষেধাজ্ঞা রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে।
এরই পরিপ্রেক্ষিতে ২৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব সাহান আরা বানু ইসি সচিবালয়ে ৪৭ জনের তালিকা পাঠান।
এতে দেখা যায়, রাজবাড়ীর চার জন, চট্টগ্রামের চার জন, কুমিল্লার ৩১ জন, নোয়াখালীর সাত জন ও ঝিনাইদহের একজনের নাম রয়েছে।
দণ্ডিতরা কবে কতদিন জেল খেটেছে এবং কবে মুক্তি পেয়েছে তাও উল্লেখ করা হয়েছে ওই তালিকায়। এদের কারো কারো নামের পাশে পরিচয় হিসাবে রাজাকার বাহিনীতে সম্পৃক্ততার কথা বলা হয়েছে। তবে কিছু লোকের বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ নেই।
ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. এম এ হাসান বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকা প্রাথমিক তালিকা হতে পারে। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় ৩৭ হাজার ‘কলাবরেটর’ অভিযুক্ত হয়েছিল। সাতশর বেশি আসামির দণ্ড হয়েছিল।”
যুদ্ধারাধী ও দালালদের এ দেশের ভোটার হওয়ার অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, “এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে।”
বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধ দাঁড়িয়ে একাত্তরে যারা রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর মাধ্যমে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিল তাদের বিচারের জন্য ১৯৭২ সালে দ্য বাংলাদেশ কোলাবরেটরস (স্পেশাল ট্রাইব্যুনাল) অর্ডার ১৯৭২ বা দালাল আইন করা হয়।
কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ওই বছর ৩১ ডিসেম্বর আইনটি বাতিল করে আসামিদের ছেড়ে দেয়া হয়।
ইসি কর্মকর্তারা জানান, ‘প্রাথমিক’ তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত বা অভিযুক্ত কারো নাম এখনো আসেনি। আইন অনুযায়ী, এই আদালতে দণ্ডিত যুদ্ধাপরাধীরাও ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে মনে করছেন তারা।
স্বাধীনতার পর এ পর্যন্ত নয়টি নির্বাচনে এই দণ্ডিত ‘দালালদের’ অনেকেই ভোটার তালিকায় ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের তথ্যভাণ্ডার যাচাই করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে ইসি কর্মকর্তারা জানান।
