হাতিয়ায় অস্ত্রসহ আটক ৪
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জলদস্যু দমন অভিযানের সপ্তম দিন সোমবার ভোরে নিঝুম দ্বীপ থেকে ধারালো অস্ত্রহস চার জনকে আটক করেছে পুলিশ।
এ নিয়ে অভিযান চলাকালে ২০ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বলেন, পুলিশ, কমিউনিটি পুলিশ ও স্থানীয়দের নিয়ে গত ২৭ অগাস্ট থেকে হাতিয়ার বিভিন্ন চরে জলদস্যু নির্মূল অভিযান শুরু হয়।
“এই খবরে জলদস্যুরা তাদের গোপন আস্তানা থেকে অনত্র আত্মগোপনের চেষ্টা চালাতে থাকে। পালিয়ে যাওয়ার সময় ভোরে নিঝুম দ্বীপ এলাকা থেকে চার জলসস্যুকে আটক করে পুলিশ,” বলেন এসপি।
আটকরা হলেন নিঝুম দ্বীপের মনিদা গ্রামের খোকন মিয়ার ছেলে ফরহাদ (২৩), বুড়িরচরের আবুল কালামের ছেলে বাবুল (৩০), শাহাদাত মোল্লার ছেলে ইউসুফ (২৫) এবং সাগরিয়ার আনোয়ার হোসেনের ছেলে কালাম (২৫)।
আটকদের কাছ থেকে বেশ কয়েকটি রামদা উদ্ধার করা হয়েছে।
এর আগে অভিযান চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ ও গণপিটুনিতে জলদস্যু বাহিনীর দুই কমান্ডারসহ নিহত হয়েছে ছয় জন।
তাদের কাছ থেকে ৬টি এলজি, ৬টি বন্দুক, ২৫টি সিগন্যাল ল্যান্সার, ৩২ রাউন্ড কার্তুজ, ৩ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলিসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
হাতিয়া উপকূল জলদস্যু ও ডাকাত মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।
