মাওয়ায় ট্রাকের দীর্ঘ সারি
পাটুরিয়া ঘাটে ফেরি পারাপার ব্যাহত হওয়ার কারণে মাওয়ায় এসে লাইনে দাঁড়িয়েছে বহু পণ্যবাহী ট্রাক।
শনিবার ফেরির জন্য অপেক্ষারত দক্ষিণবঙ্গগামী এসব ট্রাকের সারি ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পৌঁছেছে।
এখানে আটকে থাকা এসব ট্রাকের চালকদের অভিযোগ, টাকার বিনিময়ে ‘সিরিয়াল’ ভঙ্গ করে ফেরি পারাপারে একটি সিন্ডকেট কাজ করছে।
নাব্যতা সঙ্কটের কারণে পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও শনিবার যানজট লেগে রয়েছে। শুক্রবার এই পথে ফেরি পারাপার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
গত কয়েকদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়ায় এই অচলবস্থার সৃষ্টি হওয়ায় ওই পথে চলাচলকারী পণ্য বোঝাই ট্রাকগুলো মাওয়া-কাওড়ান্দি দিয়ে ফেরি পার হওয়ার চেষ্টা করছে।
মাওয়া ঘাটে অপেক্ষারত ট্রাক চালক মো. হারুন বলেন, “গত বুধবার সন্ধ্যায় মাওয়ায় এসে ট্রাকের লাইন দিয়েছি, এখনও পার হতে পারিনি।”
একই কথা জানান চালক মো. রিপন, খুলনা যাওয়ার জন্য যিনি তিন দিন আগে মাওয়ায় এসেছেন।
রিপন বলেন, “রাস্তা খরচের টাকা যা ছিল তা ইতিমধ্যেই খরচ করে ফেলেছি।”
আরেক চালক মানিক বলেন, “ঢাকা থেকে গত বৃহস্পতিবার সোয়াবিন তেল নিয়ে মাওয়ায় এসে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছি।
“সিন্ডিকেট চক্রকে যারা টাকা দিতে পারছে, তাদের ট্রাককে সিরিয়াল না মেনেই সাথে সাথে পার করে দেয়া হচ্ছে।”
বিআইডাব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পারাপারে সৃষ্ট অচলবস্থার কারণেই পণ্য বোঝাই ট্রাকগুলো এ পথে আসায় অতিরিক্ত চাপ পড়েছে।
অতিরিক্ত টাকা নিয়ে বিআইডাব্লিউটিসির কেউ সিরিয়াল অমান্য করে ট্রাক পারাপার করে থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
