বাগেরহাটের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই বংশের লোকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন।
শুক্রবার কুলিয়া ইউনিয়নের ঘোষগাঁতি গ্রামে এই সংঘর্ষে নিহত আনিছুর রহমান মোল্লা (৩৫) উত্তর ঘোষগাঁতি গ্রামের মোহম্মদ আলী মোল্লার ছেলে।
আহতদের কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘোষগাঁতি গ্রামের শেখ ও মোল্লা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে পুলিশ জানিয়েছে।
মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ওই গ্রামের ঘোষগাঁতি বিলে নৌকায় ওঠাকে কেন্দ্র করে শেখ ও মোল্লা বংশের ছেলেদের মধ্যে কথা কথাকাটা কাটি হয়।
এর জেরে বিকালে দুপক্ষ ধারালো অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আনিছুর রহমান মোল্লা ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
