দুর্ঘটনায় পুলিশ, সুযোগে পালালো আসামি
বরিশালে আসামি নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
এ সুযোগে হাতকড়াসহ পালিয়ে গেছে ধর্ষণ মামলার এক আসামি।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউপির রতখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আগৈলঝাড়া থানার ওসির দায়িত্বে থাকা এসআই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
এছাড়া আহত কনস্টেবল মো. তুহিন প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার ব্যাপারে এর বেশি কিছু বলতে রাজি হননি এসআই মোস্তাফিজুর রহমান।
বরিশালের পুলিশ সুপার (এসপি) কে এম এহসান উল্ল্যাহ জানান, গ্রেপ্তারের পর আসামিকে মোটরসাইকেলের মাঝে বসিয়ে বরিশালে ফিরছিলেন এসআই আক্কাস আলী ও কনস্টেবল তুহিন।
“দুজনের মধ্যে বসে থাকা আসামি সোহেল গাজী মোটরসাইকেল থেকে লাফ দেয়। এতে মোটরসাইকেল চালক এসআই আক্কাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।”
এসপি জানান, এসআই আক্কাস গুরুতর আহত হন। এ সময় হাতকড়াসহ আসামি সোহেল গাজী পালিয়ে যায়।
সন্ধ্যা ৬টায় আগৈলঝাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, গৌরনদীর নাঠাই এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহেল গাজী আগৈলঝাড়া উপজেলার বড়ইতলা গ্রামের মোতালেব গাজীর ছেলে।
