২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতানের জন্মবার্ষিকীতে নৌকাবাইচ

চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকীতে নড়াইলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 06:16 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

বৃহস্পতিবার দুপুরে চিত্রা নদীর নড়াইল ফেরীঘাট থেকে এস এম সুলতান ব্রিজ (চিত্রা সেতু) পর্যন্ত নৌকাগুলো প্রতিযোগিতায় নামে।

এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৮টি এবং মহিলা বিভাগে ৪টি নৌকা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ছোট নৌকায় (কলাই) খুলনার আজিজ মোল্যা প্রথম এবং খুলনার ভীম সরকারের নৌকা দ্বিতীয় হয়েছে।

বড় নৌকায় (টালাই) প্রথম হয়েছে খুলনার ডুমুরিয়ার দ্বীপ চাঁদ সরকার এবং দ্বিতীয় হয়েছে খুলনার মান্দার মণ্ডল।

মহিলাদের প্রতিযোগিতায় সদর উপজেলার মুসুড়ি গ্রামের ফুলকলি প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাতিয়াড়া গ্রামের কহিনুরের নৌকা। 

জমজমাট ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ নৌকাবাইচ দেখতে সকাল থেকেই নদীর দুধার, বাড়ির ছাদ, গাছে উঠে মানুষ অপেক্ষা করতে থাকে।

শহরের আদালতপুর এলাকায় জামাল উদ্দিন বলেন, সারাবছর অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। পরিবারের সকলকে নিয়ে এসেছি নৌকাবাইচ দেখতে।”

মহিষখোলা এলাকার ফিরোজা পারভীন বলেন, গ্রামাঞ্চলে এ প্রতিযোগিতা বেশি হয়। নৌকাবাইচ দেখে খুব ভাল লাগছে।

এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে এবং বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় আয়োজন করা হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হওলাদার মো. রকিবুল বারীর সভাপতিত্বে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলালিংকের খুলনা অঞ্চলের বাণিজ্যিক প্রধান বাবুল হক প্রমুখ বক্তব্য রাখেন।