কুষ্টিয়ায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
কুষ্টিয়ার ভেড়ামারায় এক চালককে খুন করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে এ ঘটনায় জড়িত চার জনকে আটক করেছে র্যাব। উদ্ধার হয়েছে অটোরিকশাটিও।
ভেড়ামারা মডেল থানার ওসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বারমাইল এলাকা থেকে অটোরিকশা চালক সোনার(৩১) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সোনা পূর্ব ভেড়ামারার প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে।
আটক চারজন হলেন- কুষ্টিয়ার মিরপুরের তালবাড়ীয়া এলাকার আবুল হোসেনের ছেলে হাসান(২৪), গোবিন্দপুরের লুৎফর রহমানের ছেলে শামিমুল ইসলাম সবুজ(২২), চারুলিয়ার আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন(২৩) এবং নওদাশামুখিয়া এলাকার সাইনা কবিরাজের ছেলে শামিম(২৩)।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার ক্যাম্পের উপ-পরিচালক মেজর মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা শহরের শাপলা চত্বর এলাকা থেকে ওই চারজন অস্ত্রের মুখে সোনার অটোরিকশা ছিনতাই করে। পরে বারমাইল এলাকায় সোনাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
রাত ১টার দিকে শহরের থানাপাড়ায় মন্দিরের সামনে থেকে ওই চার জনকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় অটোরিকশাটিও।
মেজর মঈন জানান, অটোরিকশাটি বিক্রির জন্য ওই চারজন থানাপাড়ায় নিয়ে গিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে বারমাইল থেকে চালক সোনার লাশ উদ্ধার করা হয়েছে।
