লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি আটক
লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার সকালে দুর্গাপুর সীমান্তে আটক বিজয় কুমার বর্মন (২৫) উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের রত্নেশ্বর বর্মনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এর প্রতিবাদে এবং বিজয়কে ফিরিয়ে দেয়ার জন্য পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে, বলেন মাহবুব।
