ঈশ্বরদীতে `অস্ত্র ব্যবসায়ী’ আটক
পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় অস্ত্র ব্যবসায়ীকে অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার সকাল ৯টার দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক রকিব উদ্দিন (৩০) স্থানীয় আব্দুর রহমানের ছেলে।
পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) শাহনূর আলম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রকিব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত।
তিনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে বাসস্ট্যান্ড এলাকায় গিয়েছিলেন বলেও জানান তিনি।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো হল একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুইটি ম্যাগজিন।
ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
