স্ত্রী খুন করে পুলিশে ধরা দিলেন স্বামী
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা করে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন মাদকাসক্ত স্বামী ।
মঙ্গলবার বিকালে শহরের কাউতলি এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আব্দুর রব বলেন, ঘাতক স্বামী জিসান চৌধুরি জিকু (২৬) নিজেই স্ত্রীকে খুনের পর মুঠোফোনে পুলিশকে খবর দেয়।
“জিকুর তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে কাউতলির ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে। জিকুকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে।”
নিহত গৃহবধূ জেসমিন আক্তার আঁখি (২৩) ঢাকার ডেমরার কাজলা এলাকার মুসলিম মিয়ার মেয়ে।
এই দম্পতির সাড়ে চার বছরের প্রতিবন্ধী ছেলে সাইফুল্লাহ চৌধুরিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
আঁখির লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শহরের পাওয়ার হাউজ সড়ক সংলগ্ন নিউ মৌড়াইল এলাকার সানাউল্লাহ চৌধুরির ছেলে জিসান চৌধুরি জিকু কাউতলি এলাকার মা মঞ্জিল নামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
জিকুর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অপহরণসহ একাধিক মামলার আসামি ‘মাদকাসক্ত’ জিকু পরকীয়ায় জড়িত বলে সন্দেহে করত তার স্ত্রী আঁখি।
এর জের ধরেই জিকু তাকে হত্যা করে বলে ধারণা করছে পুলিশ।
