শিবির-ছাত্রলীগ বাকবিতণ্ডা: চবি ট্রেন অবরোধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিবিরকর্মীর সঙ্গে ছাত্রলীগ নেতার বাকবিতণ্ডার জের ধরে শাটল ট্রেন অবরোধ করেছে ছাত্রলীগ।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে শহরগামী ১.৩০ মিনিটের শাটল ট্রেন অবরোধ করে তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর ট্রেন ছেড়ে যায়।
সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে অর্থনীতি বিভাগের অফিস রুমে বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মনসুর আলমের সাথে তৃতীয় বর্ষের ছাত্র আরিফুলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মনসুর আরিফুলকে মারধর করে।
এঘটনার জের ধরে ছাত্রলীগ কর্মীরা রেল স্টেশনে গিয়ে ট্রেন অবরোধ করে রাখে।
আহত আরিফুলকে শিবিরের কর্মী দাবি করে চবি ছাত্র শিবিরের সভাপতি ইমরুল হাসান ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতার শাস্তি দাবি করেন।
চবি ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনসুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় এবং ‘আমার সঙ্গে অশোভন আচরণ’ করায় আরিফ মারা হয়েছে।
আহত আরিফুলকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান সহকারী প্রক্টর আনোয়ার।
ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম।
