২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে মৃত্যু, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ শহরে রোববার রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 12:31 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

এর প্রতিবাদে সোমবার সকালে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে। এতে প্রায় বিশ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শহরের চাঁদমারী এলাকায় এই ঘটনায় মৃত মান্নান রাজমিস্ত্রী ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

এলাকাবাসী ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রোববার গভীর রাতে চাঁদমারী বস্তিতে মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় মান্নান পানিতে পড়ে যান। সোমবার সকালে মান্নানের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

এই ঘটনার প্রতিবাদে সকাল ৯টার দিকে এলাকাবাসী মান্নানের লাশ নিয়ে শহরের চাঁদমারীতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করে।

এক পর্যায়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করলে প্রায় বিশ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ডিবি কর্মকর্তা আকতার হোসেন আরো জানান, রাতে গাঁজার বড় একটি চালান আসার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল চাঁদমারীতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। সকালে মান্নানের লাশ উদ্ধারের খবর পান তারা।

মান্নান পেশাদার মাদক ব্যবসায়ী মক্কার ভাই বলে জানান আকতার হোসেন।

মান্নানের স্ত্রী আন্না বেগমের দাবি, মান্নান রাজমিস্ত্রীর কাজ করতেন। রাতে ডিবি পুলিশ বাড়ি থেকে মান্নানকে আটক করে। এরপর তাকে ছেড়ে দেয়ার বিনিময়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় মান্নান জানালা দিয়ে পানিতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।