অবৈধ রিকশা উচ্ছেদে আদালতে যাবে চসিক
বন্দর নগরীতে চলাচলরত অবৈধ রিকশা উচ্ছেদে আদালতের দারস্থ হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রোববার চসিকের ৩৮তম সাধারণ সভায় এ উদ্যোগের কথা জানান সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
সভায় তিনি বলেন, ৩৫ হাজার বৈধ রিকশার লাইসেন্স আছে। কিন্তু নগরীতে প্রায় লক্ষাধিক রিকশা চলাচল করছে। এসব অবৈধ রিকশার কারণে প্রায়ই নগরীর গুরুত্বপূর্ণ এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে।
ইতোপূর্বে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয় জানিয়ে মেয়র বলেন, রিকশা মালিক-শ্রমিকদের একটি সংগঠন উচ্চ আদালতে গেলে আদালত এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে।
“এই সুযোগ কাজে লাগিয়ে রিকশা চালক-মালিকদের একাধিক সংগঠন নগরীতে অবৈধ রিকশা নামিয়েছে।”
এই সমস্যা সমাধানে যাবতীয় বিষয় জনস্বার্থে আদালতে উপস্থাপন করা হবে, বলেন মেয়র।
সাধারণ সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর ও চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
