সাগরে ১০ দিনে ১৮ ডাকাতি
বঙ্গোপসাগরে গেল ১০ দিনে ১৮ টির বেশি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। এতে মাছ, মাছ ধরার সরঞ্জাম, ট্রলারের ইঞ্জিনসহ সর্বস্ব হারাচ্ছেন এ পেশায় সম্পৃক্তরা।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সামুদ্রিক মৎস্য আরোহণকারী বোট মালিক সমিতির মানববন্ধন ও সমাবেশে এ কথা জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, বঙ্গোপসাগর বর্তমানে দস্যু জোনে পরিণত হয়েছে। ট্রলারে ডাকাতি, অপহরণ, মাঝিমাল্লা খুন দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এসব কারণে সাগরে আগের চেয়ে মাছ আরোহণ কমে গেছে বলেও জানান তারা।
গত ২৪ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত দশদিনে নৌ-ডাকাতরা ১৮টি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মাছ, যন্ত্রপাতি, জাল ও ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল লুট করেছে।
এ সময় নৌ- ডাকাতরা বেশকয়েকটি ট্রলারের কাছ থেকে মুক্তিপণ আদায় করেছে এবং মো. মনির নামে একজন মাঝিকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বোট মালিকরা জানান, হাতিয়া উপজেলার কালাম, এমরান ও দিদার বাহিনী, বাঁশখালী উপজেরার রবি, বারেক উল্লাহ বাহিনী, কুতুবদিয়ার ইউনুছ, মহেশখালীর সেলিম বাহিনী, সুন্দরবন কলাগাছিয়া এলাকার জাহাঙ্গীর বাহিনী, মজিদ বাহিনী এবং দুবলার চর এলাকার শীর্ষ বাহিনীর হাতে এসব ট্রলারগুলো আক্রমণের শিকার হয়েছে।
এদিকে হামলার কারণে অনেক জেলে পঙ্গুত্ব বরণ করেছে জানিয়ে তারা বলেন, এসব বিষয় নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেখা করার পরও কোনো সুরাহা হয়নি।
বোট মালিকদের সংগঠন ‘সামুদ্রিক মৎস্য আরোহণকারী বোট মালিক সমিতির’ সভাপতি মো. আলীর সভাপতিত্বে ও মহাসচিব সাঈফ রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বাবুল সরকার, দেলোয়ার হোসেন, মমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।
