২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে আহত দুই রাবি শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 10:55 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার সন্ধ্যায় সাবাস বাংলাদেশ মাঠ এবং দ্বিতীয় বিজ্ঞান ভবনের পেছনে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

আহতরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মাসুম রেজা ও আইনুল ইসলাম। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাসুম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাহেববাজার থেকে ক্যাম্পাসে ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাবাস বাংলাদেশ খেলার মাঠে একদল যুবক তার মোবাইল ফোন সেট এবং মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে।

বাধা দিলে তারা তার পেটে ছুরিকাঘাতের চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে হাতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আহত মাসুমের হাতে তিনটি সেলাই দেয়া হয়েছে।

প্রায় একই সময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের পেছনে একই বিভাগের আইনুল ইসলাম নামের আরেক শিক্ষার্থীকেও ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এ সময় তার মানিবাগে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, “আমি ঘটনাটি শুনেছি। পুলিশ প্রশাসনকে দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।”

বহিরাগতদের অনুপ্রবেশের ফলে এধরনের ঘটনা ঘটছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিন্তা ভাবনা করছে। খুব শিগগিরই বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে প্রয়োজনীয় শর্তারোপ করা হবে।