‘আলোচনার দ্বার এখনো খোলা’
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে প্রধান দুই দলের বিপরীতমুখী অবস্থানে আলোচনার মাধ্যমেই সংকট সমাধান হবে বলে আশা করছেন রাজনৈতিক নেতারা।
শনিবার সন্ধ্যায় বিবিসি’র বাংলাদেশ সংলাপে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ এবং আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ নূর মোহাম্মদ অংশ নেন।
রাজনৈতিক সংকট মোকাবেলায় উদ্যোগ নিতে শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে ফোনালাপ করেন।
সংলাপে দর্শকরা জানতে চান, কীভাবে সমস্যার সমাধান হবে? আলোচনার মাধ্যমে কী সম্ভব?
এ বিষয়ে আওয়ামী লীগগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “আলোচনার মাধ্যমেই সব সমাধান হবে। আলোচনার দরজা সব সময় খোলা। তবে তা হতে হবে সংবিধানের মধ্যে থেকে। সংসদই এর নিয়ামক শক্তি।”
বিএনপির আমির খসরু মাহমুদও তাই মনে করেন।
“তবে আলোচনার কেন্দ্রবিন্দু হবে-সবাই সঠিক জায়গায় ভোটাধিকার প্রয়োগ করলে সঠিক রায় আসবে কিনা,” বলেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, রাজনৈতিক সংকট দ্রুত কেটে যাওয়ার প্রয়োজন। এজন্যে সরকারি দলকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। বিরোধী দলকে হতে হবে দায়িত্বশীল।
মানবাধিকারকর্মী নূর খান বলেন, দুই প্রধান জোটকেই অবস্থান পরবির্তন করতে হবে। আলোচনার মাধ্যমেই সমাধান বের হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকবর হোসেন।
