বগুড়ায় বিইএম’র আরেক প্রশিক্ষণ কেন্দ্র
ভারি অস্ত্রসহ বিইএম’র তিন জঙ্গি গ্রেপ্তারের দুদিন পর বগুড়া শহরে সংগঠনটির আরেকটি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে র্যাব ও পুলিশ।
শনিবার শহরের মালগ্রাম উত্তরপাড়ার কলেজ পট্টি এলাকায় এ অভিযানকালে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, অভিযানকালে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত বাড়ির মালিক রেজাউল করিম ও তার ছেলেকে আটক করা হয়। এর আগে জঙ্গিরা গা ঢাকা দেয়।
এখান থেকে একটি রিভালভার, দুইটি খেলনা পিস্তল, আটটি হাতবোমা, একটি হাসুয়া, কিছু রড়, জেহাদি বই ও ট্রেনিংয়ের কাজে ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা হয়।
এরা আগে বৃহস্পতিবার শহরের ঠনঠনিয়া এলাকার জোবানি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ভারি অস্ত্রসহ তিন জঙ্গিদের গ্রেপ্তার করা হয়।
এসপি মোজাম্মেল হক আরো জানান, বৃহস্পতিবারে ঠনঠনিয়া এলাকা থেকে অত্যাধুনিক অস্ত্র গোলাবারুদ সহ আটককৃত তিন জঙ্গির স্মীকারোক্তির সূত্র ধরেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওই বাসা থেকে মুনাজাযাহ জ্ঞান কোষ, আল্লাহর পথে অবরুদ্ধ ফকিরসহ বিভিন্ন জেহাদি বইয়ের পাশাপাশি অপারেশনের কৌশল সম্বলিত লিফলেট পাওয়া যায়।
ওই লিফলেটের উপরে লেখা রয়েছে বিইএম ট্রেনিং ইন্সটিটিউট।
তারপরই লেখা রয়েছে কৌশল শাখা, রণকৌশলের সজ্ঞা এবং অভিযান চালানোর পদ্ধতি। ক্রমান্বয়ে লেখা রয়েছে অগ্রাভিযান, অক্ষ, যাত্রাস্থল, ধাপ, নিয়ন্ত্রণ স্থল, প্রতিবেদন রেখা, রণকৌশলগত পুনর্মোতায়েন (রণপম), থিনিং আউট বা ক্ষীণকরণ, পরীক্ষার স্থল, মিলন স্থল, পশ্চাত দল, আবরণী সেনা, পশ্চাৎরক্ষী, বিলম্বীকরণ অবস্থান, বিলম্বীকরণ যুদ্ধ, মধ্যবর্তী অবস্থান, কোড ওয়ার্ড, ছাড় শব্দ, বোমারেখা ইত্যাদি।
মালগ্রম এলাকার মো. হারুন জানান, মাসদুয়েক আগে ওই বাসাটি কয়েকজন ছাত্র ভাড়া নেন। তারা কলেজে পড়ে এবং শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান।
বৃহস্পতিবার গোপন বৈঠক চলাকালে শহরের ঠনঠনিয়া এলাকার জোবানি প্রাথমিক বিদ্যালয়ের পাশের দুলালের বাড়ি থেকে ওই তিন ‘আত্মঘাতী জঙ্গিকে’ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় সেখান থেকে একটি এলএমজি, একটি এসএমজি, একটি পিস্তল, ৮০ রাউন্ড গুলিসহ চারটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি ডায়েরি এবং বেশকিছু দেশি অস্ত্র ও জেহাদি বই উদ্ধার করা হয়।
আগে গ্রেপ্তার তিন জঙ্গি ১০ দিনের রিমান্ডে
বৃহস্পতিবার গ্রেপ্তার তিন জঙ্গিকে শনিবার তিনটি মামলায় আদালতে হাজির এবং জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের হেফাজতের আবেদন করা হয়। আদালত শুধু সন্ত্রাস দমন আইনে করা মামলায় ১০ দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করে।
এদিকে গ্রেপ্তারের পর সানাউল্লাহ ও রফিকুল ইসলাম রুবেল র্যাবের কাছে তাদের পরিচয় গোপন করলেও পুলিশের জিজ্ঞাসাবাদে সঠিক পরিচয় প্রকাশ করেছেন।
বগুড়ার এসপি মোজাম্মেল হক জানান, হেফাজতে দেয়া তিনজন হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামের প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে স্থানীয় আল জামিয়া আল মিজবাহুয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সানাউল্লাহ (৩৫), ময়মনসিংহের মো. রফিকুল ইসলাম (২২) এবং এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের মকরু শেখের ছেলে বাঘা শেখ বাবু (২২)।
তিনি বলেন, এর আগে সানাউল্লাহ পরিচয় দিয়েছিলেন দিনাজপুরের সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা এলাকার আফজাল হোসেনের ছেলে ফিরোজ আলম হিসেবে এবং মো. রফিকুল ইসলাম পরিচয় দিয়েছিলেন ঢাকার সবুজবাগ এলাকার কমলাপুর রেল কলোনির মিজানের ছেলে মো. নাহিদ হিসেবে।
