২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকর্মীর ওপর হামলায় জড়িত সন্দেহে ৯ শিবিরকর্মী গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মী রুহুল আমিনের ওপর হামলায় জড়িত সন্দেহে ইসলামী ছাত্র শিবিরের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 01:37 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

শনিবার ভোরের দিকে সিলেট নগরীর নয়াবাজারের সোনালী আবাসিক এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

এ সময় জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী ও গোলাম আযমের লেখা বিপুল পরিমাণ বই, শিবিরের লিফলেট, পোস্টার ও ফেস্টুন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম (২৪), সাব্বির আহমদ (১৮), রহমত উল্লাহ (১৮), শিহাব উদ্দিন (১৮), সেলিম আহমদ (১৮) ও আবু হাসনাত মোস্তফা (২০) এবং বহিরাগত শাহ আলম  (১৮) আজিজুল হক (২৪), ও আলমগীর কবির (১৮)।

জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিবির নিয়ন্ত্রিত একটি মেস থেকে এদের গ্রেপ্তার করে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী রুহুল আমিনের ওপর হামলায় জড়িত সন্দেহে এদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার রাতে ৮/১০ মুখোশ পরা যুবক রুহুল আমিনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে চলে যায়।

শিবিরকর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।