২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলাম ‘হত্যার’ বিচার দাবি

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তার ছেলে তমোহর ইসলামকে হত্যার বিচার দাবি করেছেন একটি আলোচনা সভার বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 11:40 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

নুরুল ইসলামের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

নুরুল ইসলামের সহধর্মিনী রুবি রহমান বলেন, সাড়ে চার বছর পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মৃত্যু রহস্যের কোনো কূল-কিনারা করতে পারেনি।

প্রয়াত স্বামীর জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দিতে এসে সাংসদ রুবি রহমান বলেন, “এখন আর চাঁদের দিকে তাকাতে পারি না। মুগ্ধ হতে পারি না উজ্জল জোৎস্নার সৌন্দর্য্য দেখে।”

তার পরিবর্তে বেদনার স্মৃতিই আওড়াতে হয় তাকে।

“সুখ স্মৃতি মনে করলে কফিনে রাখা ছেলে ও স্বামীর মুখ দেখতে পাই”, বলেন তিনি।

স্বামী ও ছেলে হত্যার বিচার দাবি করে রুবি রহমান বলেন, “সুখস্মৃতি ও জীবনের নানা দিক আলোচনার পরিবর্তে হত্যার বিচার দাবি করছি আমরা।”

২০০৮ সালের ৩ ডিসেম্বর ধানমন্ডির বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান শ্রমিক নেতা নুরুল ইসলাম ও তার ছেলে তমোহর।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক নুরুল ইসলামের মৃত্যুর জন্য মৌলবাদী গোষ্ঠীকে দায়ী করেন।

শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, “যে পরিস্থিতিতে নুরুল ইসলাম ও তার ছেলেকে হত্যা করা হয়েছে সেটাতে একজন সাধারণ মানুষও বুঝতে পারবে এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড।”

“এর জন্য বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। অথচ সে বিষয়টি বুঝতে তদন্তকারী সংস্থার এতো কষ্টা হচ্ছে কেন?”

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হলে একটা ধারণা তৈরি হবে যে, হত্যা করেও পার পাওয়া যায়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের(সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “নুরুল ইসলাম যে ধরনের মানুষ ছিলেন এই ধরনের মানুষ মারা গেলে আমি আশ্চয্য হই না, আশ্চয্য হই এই ভেবে- তার মতো একজন মানুষ আমাদের মাঝে বেঁচেছিলেন।”

“পিতৃহারা মেয়ে ও ভাইহারা বোনের চাহনির দিকে তাকিয়ে আমি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, দুটি তদন্ত প্রতিবেদনে দুই রকম তথ্য এসেছে। এখন পুলিশের বিশেষ শাখা থেকে মামলার তদন্তভার র‌্যাবের কাছে গেছে। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে এবং বিচার নিশ্চিত করতে হবে।

মুহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ড. শাহাদাত ও সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান, শ্রমিক নেতা শিকদার নুরু মিয়া, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহজাহান পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।