রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য পদযাত্রা
সাভারে রানা প্লাজা ধসে আহত-নিহত, নিখোঁজ ও ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রকাশ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে গণপদযাত্রা এবং বিক্ষোভ করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।
শুক্রবার সকাল ১১টায় সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ পদযাত্রা শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সিটি সেন্টারের সামনে দিয়ে ধংসস্তূপের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা একটি সমাবেশ করেন।
রানা প্লাজার শ্রমিক খালেদা বেগমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল হক মিলু, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার উপজেলার সভাপতি সৌমিত্র কুমার দাশ।
সমাবেশে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের প্রায় চার মাস অতিবাহিত হতে চললেও সরকার কিংবা বিজিএমইএ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয় কিংবা তাদের প্রকৃত তালিকা প্রকাশ করেনি।
নিহতের স্বজন ও আহত শ্রমিকরা ঈদের দিনেও তাদের দাবি আদায়ে আন্দোলনসহ কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন করেছেন।
বক্তারা অবিলম্বে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, স্থায়ী পুনর্বাসন এবং যেসব শ্রমিকদের লাশ এখনও সনাক্ত করা সম্ভব হয়নি তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট দ্রুত প্রকাশসহ সরকার ও বিজিএমইএ এর ফান্ডে জমাকৃত টাকার স্বচ্ছ হিসাব প্রকাশ ও জমাকৃত টাকা শ্রমিকদের মাঝে বিতরণের দাবি জানান।
