ময়লার স্তূপে বস্তাবন্দি কঙ্কাল
রাজধানীর মাতুয়াইল এলাকায় ময়লার স্তূপে বস্তার ভেতর অন্তত তিনজনের কঙ্কালের অংশবিশেষ পেয়েছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
পুলিশের ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বস্তায় পা ও মাথাসহ মানব দেহের বিভিন্ন অংশের ১৬টি হাড় ছিল।
এর মধ্যে মাথার দুটি খুলি, সাতটি পা, তিনটি হাত ও একটি পাজরের হাড় রয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে মানব শরীরের বিভিন্ন অংশের ১৩ খণ্ড মাংমপিণ্ডও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
মিনহাজুল ইসলাম বলেন, “খুলিগুলো দেখে বোঝা যাচ্ছে, সেগুলো অন্তত দুই ব্যক্তির দেহ থেকে এসেছে।”
ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম জাবেদ ইকবাল জানান, বস্তার ভেতরে তিনটি খুলি, সাতটি পায়ের হাড়সহ শুকিয়ে যাওয়া বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছিল।
যাত্রাবাড়ী থানার এস আই মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে ওই বস্তা পেয়ে পরিচ্ছন্নতাকর্মীদের জানায় টোকাইরা।
পরে জাবেদ ইকবালের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বস্তা দেখে পুলিশে খবর দেয়।
এ কঙ্কালগুলো কাদের সেটি জানারও চেষ্টা চলছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, প্রথমে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার করা দেহাবশেষের ডিএনএসহ বিভিন্ন পরীক্ষা করা হবে। এরপর তার নমুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হবে।
