২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগ নেতার রগ কেটেছে ‘শিবির’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

রাবি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 10:57 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

ছাত্রলীগ নেতাদের অভিযোগ, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।  

গুরুতর আহত তুহিনকে ঢাকায় পাঠানো হয়েছে। এই খবর পাওয়ার পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।

রাত সোয়া ১০টার দিকে আমীর আলী আবাসিক হলের পাশের রাস্তায় তুহিনের ওপর হামলা হয় বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।

সাত মাস আগে একই ভাবে হামলা চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিমের হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়েছিল। তিনি এখন পঙ্গু।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় সৈয়দ আমির আলী হলে শোক দিবসের আলোচনা ছিল। ওই সভা শেষে মাদার বখশ হলের দিকে যাচ্ছিলেন তুহিন।

“এই সময় মোটর সাইকেলে এসে ছাত্রশিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে তুহিনের মাথায় জখম করে এবং বাম হাত ও ডান পায়ের রগ কেটে দেয়।”

হামলাকারীরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান এই ছাত্রলীগ নেতা। এতে ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শামসুজ্জামান শাওন আহত হন।

তুহিনের ওপর হামলার হুমকি শিবির আগেই দিয়েছিল বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার শিবিরের কয়েকজন নেতা-কর্মী মোটর সাইকেল নিয়ে ক্যাম্পাসে মহড়া দিলে তুহিনের নেতৃত্বে ছাত্রলীগকর্মীরা তাদের পুলিশে ধরিয়ে দেয়।

“সেদিন শিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া সাংবাদিকদের বলেছিলেন, শিবিরকর্মীদেরকে পুলিশে দেয়ার সমীচীন জবাব ছাত্রলীগকে দেয়া হবে।”

ছাত্রলীগের এই অভিযোগের বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তুহিনকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ১২টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। শাওন রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক বি কে দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুহিনের অবস্থা আশঙ্কাজনক। আমরা একবার তার অস্ত্রোপচার করেছি। তবে তার হাত ও পায়ের রগ জোড়া দেয়া সম্ভব হয়নি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজল, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফীন রাত ১১টার দিকে রামেক হাসপাতালে তুহিনকে দেখতে যান।

অধ্যাপক মিজানউদ্দীন তুহিনের অবস্থা দেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ধরনের ঘটনা সভ্য মানুষ করতে পারে না।”

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

হামলাকারীরা সনাক্ত হয়েছে কি না- জানতে চাইলে মতিহার থানার ওসি আবদুস সোবহান রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা কাউকে চিহ্নিত করতে পারিনি।

“তবে আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আশা করি, খুব শিগগির হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব হবে।”

রাতে পৌনে ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।

আহত তুহিনের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিছুকাল আগে অস্ত্র হাতে তার গুলি ছোড়ার দৃশ্য সংবাদপত্রে প্রকাশিত হলে তা নিয়ে ছাত্রলীগ বেশ সমালোচনায় পড়ে।

তুহিনের ওপর হামলার পর বিশ্ববিদ্যালয়ে পুলিশ পাহারা বাড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, “ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এদিকে তুহিনের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর সোনাদীঘি এলাকায় বিক্ষোভ করে ছাত্রলীগ।  

সেখানে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে আগুন দেয়া হলে পুলিশ ও দমকলকর্মীরা গিয়ে তা নেভায়।

তুহিনের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরবিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। অপরাজেয় বাংলা থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে সমাবেশ করে তারা।