দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরুর অপেক্ষা
সরকার মালিকানাধীন বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে শনিবার, যেটিকে দেশের সবচেয়ে কার্যকর কেন্দ্র বলছে সরকার।
শনিবার দুপুরে হরিপুর ৪২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। আড়াই বছর আগে কেন্দ্রটির ভিত্তিস্থাপন করেছিলেন তিনি।
বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জের হরিপুরে গ্যাসভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে জাপানের মারুবেনি করপোরেশন, যাতে ব্যয় হয়েছে প্রায় ২৬৬১ কোটি টাকা।
কেন্দ্রটির গ্যাস টারবাইন থেকে উৎপাদন হবে ২৭২ মেগাওয়াট ও বাষ্পীয় টারবাইন থেকে হবে ১৪০ মেগাওয়াট। সবমিলিয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে এক টাকা ৭১ পয়সা।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, “দেশে আর একটি কেন্দ্র আছে, যেখানে উৎপাদন খরচ এর চেয়ে কম।”
জ্বালানির অভাবে দেশে প্রতিদিনই কয়েকশ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হচ্ছে। নতুন কেন্দ্রে গ্যাস সরবরাহ দিয়ে উৎপাদন অব্যাহত রাখা যাবে কি না, তা নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়।
এক প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, “গ্যাসের সরবরাহে ঘাটতি আছে। কিন্তু সেটা মেটানোরও উদ্যোগ নিয়েছি আমরা। সরবরাহ বাড়ানোর জন্য আগামী মাসেই দুটো কমপ্রেসার বসবে। এছাড়া উৎপাদন বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে।”
নিজস্ব কেন্দ্র ছাড়াও দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে অক্টোবরের মধ্যেই ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে বলেও জানান তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট ক্ষমতা ৮৫৩৭ মেগাওয়াট হলেও মেরামত ও জ্বালানি স্বল্পতার কারণে উৎপাদন প্রায় দুই হাজার মেগাওয়াট কম হয়।
পিডিবির হিসাবে, বর্তমান সরকারের সময় ৫৫টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করেছে, যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৩৮৭০ মেগাওয়াট। এছাড়া ৫৮৭৩ মেগাওয়াট ক্ষমতার আরো ৩১টি কেন্দ্র নির্মাণাধীন।
প্রধানমন্ত্রী শনিবার হরিপুর কেন্দ্র উদ্বোধন ছাড়াও সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্রের ভিত্তিস্থাপন করবেন।
