ইসলামিয়া কলেজের ১০ ছাত্রলীগ নেতার জামিন
অধ্যক্ষের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামের ইসলামিয়া কলেজের সাবেক ও বর্তমান ১০ ছাত্রলীগ নেতা।
বুধবার মহানগর হাকিম সৈয়দ মাশফিকুর রহমান শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ ছাত্রলীগ নেতা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এরা হলেন- কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদ, ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক রোমেল বড়ুয়া রাহুল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রয়েল, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আশিকুন্নবী চৌধুরী, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মিলন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার লেনিন, সংগ্রাম পরিষদের তিন যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাসান, ফয়সাল সাব্বির. সাইফুল ইসলাম ও কলেজ ছাত্র সংসদের এজিএস পাভেল ইসলাম।
গত ৭ অগাস্ট চট্টগামের মুখ্য মহানগর হাকিম আদালতে কলেজের সাবেক ও বর্তমান ১০ জন ছাত্রকে অভিযুক্ত করে চাঁদাবজি, কলেজ ভবন নির্মাণ কাজে বাধা দেয়া এবং শিক্ষকদের উপর হামলা ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলাটি করেন অধ্যক্ষ রেজাউল কবির।
এরপর গত ১২ অগাস্ট কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পাল্টা মামলা করেন কলেজের এক শিক্ষার্থী।
গত কয়েকমাস ধরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে টেন্ডার না ডেকে ভবন নির্মাণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ১১ দফা দাবিতে ‘ছাত্র সংগ্রাম পরিষদের’ ব্যানারে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
অধ্যক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পরস্পর বিরোধী অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম ইসলামিয়া কলেজে।
