আদালতে ‘প্রক্সি’ দিতে গিয়ে গ্রেপ্তার
মিথ্যা পরিচয়ে আদালতে হাজিরা দিতে এসে গ্রেপ্তার হয়ে এখন প্রতারণা মামলার আসামি হলেন ফয়জুর রহমান বাতা।
চট্টগ্রামের ডবলমুরিং থানার মোল্লা পাড়ার ফয়জুর (৩২) চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ বজলুর রহমানের আদালতে বুধবার হাজিরা দিতে এসেছিলেন।
তার জাল পরিচয় প্রকাশ হয়ে গেলে বিচারক তাকে পুলিশে সোপর্দ করেন।
ওই আদালতের এপিপি রামপ্রসাদ ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় আসামি নুরুল ইসলামের (৪০) পরিবর্তে হাজিরা দিতে আসেন ফয়জুর রহমান।
“আদালতে ফয়জুর নিজেকে নুরুল ইসলাম পরিচয় দেন। কিন্তু মামলার সাক্ষী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক তত্ত্বাবধায়ক ও এক সেপাই আদালতে আপত্তি জানান।”
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফয়জুর নিজের আসল নাম-পরিচয় আদালতের কাছে স্বীকার করে। তখন আদালত তাকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে প্রতারণা মামলা করার নির্দেশ দেয়।
ওই আদালতের পেশকার সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালের ৭ নভেম্বর ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়া এলাকা থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ওসমান কবির বাদি হয়ে মামলা করেন। ২০০৬ সালের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৭ সালের ২৪ জুলাই অভিযোগ গঠন করে আদালত।
এরপর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯(১) ধারায় করা মামলাটির বিচার কাজ শুরু হয়।
বুধবার এই মামলায় প্রথম সাক্ষী হাজিরের দিন নির্ধারিত ছিল। মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক সুবোধ কুমার বিশ্বাস ও সেপাই রবি উল্লাহ।
আদালত ফয়জুরকে কারাগারে পাঠানোর পাশাপাশি নুরুল ইসলামের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
