২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের পক্ষে সাক্ষী ৩ জন

আব্দুল আলীমের পক্ষে সাফাই সাক্ষীর সংখ্যা তিনজন নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

যুদ্ধাপরাধে অভিযুক্ত জিয়াউর রহমানের আমলের এই মন্ত্রীর পক্ষে ৩ হাজার ৩২৮ জন সাফাই সাক্ষীর নাম ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল।

তবে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বুধবার শুধু ‘অ্যালিবাই’ প্রমাণের জন্য ‘প্রয়োজনীয়’ বিবেচনা করে এই সংখ্যা তিনজন নির্ধারণ করে দেন।

একাত্তরে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। তিনি থাকছেন তার ছেলে মোবাইল ফোনের কনটেন্ট প্রোভাইডার প্রতিষ্ঠান উইনটেলের মালিক ফয়সাল আলীমের বনানীর বাড়িতে।

আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন।

এদিকে আলীমের মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) বুধবার পঞ্চম দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবী আহসানুল হক হেনা।

সকালে এক ঘণ্টার মধ্যে এ জেরা শেষ করার আদেশ থাকলেও এদিন তা শেষ করতে পারেননি তিনি।

গত ২৫ জুলাই সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা এজেডএম আলতাফুর রহমান। পরে তাকে জেরা শুরু করেন আলীমের আইনজীবী হেনা।

গতবছরের ১১ জুন সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগে জয়পুরহাটের সাবেক সংসদ সদস্য আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে, জয়পুরহাটের ডা. আবুল কাশেম হত্যা, ২৬ জন মুক্তিযোদ্ধাকে হত্যায় জড়িত থাকা।

জয়পুরহাটের করাইকাদিপুর এলাকার গণহত্যাসহ চকপাড়া, জুড়িপাড়া, পালপাড়া, সোনাপাড়া এলাকায় ৩৮ জনকে হত্যারও অভিযোগ রয়েছে আলীমের বিরুদ্ধে, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ের।

কায়সারের বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতির প্রতিবেদন বা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেয়।

এদিন জাতীয় পার্টির এ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন প্রসিকউটর রানা দাস গুপ্ত। একইসঙ্গে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় চান।

আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ঠিক করে দেয় ট্রাইব্যুনাল।

গত ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশের পর ওই দিনই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ২১ মে কায়সারকে কারাগারে পাঠানো হয়। ৪ আগস্ট তাকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।

কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নিজের নামে ‘কায়সার বাহিনী’ নামে বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীর পক্ষে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বৃহত্তর কুমিল্লায় হত্যা, গণহত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, ধর্ষণ, হামলা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে।

হবিগঞ্জের বাসিন্দা কায়সার তিন যুগ আগে জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। এইচ এম এরশাদের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পুরনো খবর:

আলীমকে নিরাপত্তা দিতে আবেদন প্রসিকিউশনের