আলীমকে নিরাপত্তা দিতে আবেদন প্রসিকিউশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিচারের সম্মুখীন সাবেক মন্ত্রী আব্দুল আলীমের নিরাপত্তার জন্য আবেদন করেছে প্রসিকিউশন বিভাগ।
জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আলীম হত্যাকাণ্ডের শিকার হতে পারেন- এই শঙ্কা থেকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই আবেদন করা হয়।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আদালত বৃহস্পতিবার এই বিষয়ে আদেশ দেবেন বলে প্রসিকিউটার রানা দাশগুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, হেফাজতে ইসলামের আন্দোলনের সুযোগে জামায়াত- শিবির চক্র আব্দুল আলীমকে হত্যা করতে পারে।
“জামায়াত যে কোনো মূল্যে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই আব্দুল আলীমের নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।”
আলীমকে ২০১১ সালের ২৭ মার্চ গ্রেপ্তারের আদেশ দেয় ট্রাইব্যুনাল। ওই দিনই জয়পুরহাটে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অশীতিপর আলীমকে তিনদিন পর শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়। তিনি থাকছেন বনানীতে তার ছেলের বাড়িতে।
বুধবার ট্রাইব্যুনালে আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দেন প্রসিকিউশনের পঞ্চদশ সাক্ষী মোজাম্মেল হক।
এই সাক্ষী আওয়ামী লীগ করতেন। এজন্য তখনকার মুসলিম লীগ নেতা আলীম ২৮ জনের নামের একটি তালিকা পাকিস্তানি সৈন্যদের কাছে পাঠান বলে মোজাম্মেল জানান, যাতে তার নামও ছিল।
তিনি বলেন, পাকিস্তানি সৈন্যরা জয়পুরহাটে ঢুকলে আলীমের সহযোগীরা মানুষের ওপর অত্যাচার শুরু করে।
এক পর্যায়ে পরিবারের সদস্যদের নিয়ে ভারতে শরণার্থী শিবিরে চলে যান মোজাম্মেল। এক সপ্তাহ পর আবার বাড়ি ফিরে আসেন।
তিনি বলেন, একাত্তরে আষাঢ় মাসের প্রথম সপ্তাহে শুক্রবারের জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় শান্তি কমিটির সদস্য রিয়াজ মৃধা পাক সেনাদের কাছে নিয়ে যায়।
“তারা আমাদের দিয়ে গণকবর খোঁড়ায়; রাইফেলের বাট দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে আহত করে।”
“তারা আমার হাত বেঁধে লাথি মেরে একটা গর্তের কাছে ফেলে দেয়। তারপর দা দিয়ে ডান কাধে, গলার দিকে কোপ দেয়। তারপর আমাকে লাথি মেরে গর্তে ফেলে দেয়।”
“আমি জ্ঞান হারিয়ে ফেলি, জ্ঞান ফিরলে দেখি আমার পাশে আরো অনেকেই গোঙ্গাচ্ছিল।”
মোজাম্মেল জানান, ওই যাত্রায় বেঁচে গেলে তিনি সীমান্ত পাড়ি দিয়ে আবার ভারত চলে যান।
