গাইবান্ধায় বাসের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত
গাইবান্ধা সদরে বাসের ধাক্কায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে তুলসীঘাটের গ্রামীণ বাংকের সামনে এ দুর্ঘটনায় নিহত হন আব্দুর রাজ্জাক সরকার (৬৩)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, সকাল ৮টার দিকে বাজার থেকে বাইসাইকেলে বড় দুর্গাপুর গ্রামে বাড়ি ফিরছিলেন রাজ্জাক।
পথে একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
