চট্টগ্রামে দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীদের
‘দুর্নীতি’ ও ‘দুর্ব্যবহারের’ অভিযোগ এনে চট্টগ্রাম আদালতের দুই বিচারককে স্ব উদ্যোগে সরে যেতে সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার বিকালে সমিতির এক সভায় এই সিদ্ধান্ত হয়।
পাশাপাশি আদালতের তৃতীয়-চতুর্থ শ্রেণির আট কর্মচারীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম ও বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদুল হককে সরে যেতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
“সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়। দুই বিচারক এই সময়ের মধ্যে স্ব উদ্যোগে চলে না গেলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের সুর্নিদিষ্ট অভিযোগ আছে।
গত ৯ জুলাই সমিতির দুর্নীতিবিরোধী সভায় দুই বিচারকের বিষয়ে আলোচনা হয়। পরে ওই সভা মঙ্গলবার পর্যন্ত মুলতবি হয়।
মঙ্গলবার বিকালে সভা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি চন্দন দাশ।
মঙ্গলবারের সভায় প্রায় চারশ আইনজীবী অংশ নেন। বক্তব্য রাখেন ১২ আইনজীবী। সভা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
সমিতির সভাপতি চন্দন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজই কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আমার ও সমিতির সাধারণ সম্পাদকের আলোচনা হয়েছে।”
“জেলা প্রশাসক দুই বিচারকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়ায় আমরা সময় বেঁধে দিয়েছি,” বলেন তিনি।
সভায় বিভিন্ন আদালতের আটজন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধেও ঘুষ গ্রহণসহ নানা অভিযোগ উত্থাপিত হয়।
চন্দন দাশ বলেন, “এরা দুর্বিনীত প্রকৃতির কর্মচারী। সংশ্লিষ্ট আদালত ও ঊর্ধতন কর্তৃপক্ষকে এদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হবে।”
