বঙ্গবন্ধু সেতুর ওজন স্টেশনে ট্রাক চালকদের ধর্মঘট
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের ওজন স্টেশনে অপারেটরদের অনিয়মের প্রতিবাদে ট্রাক চালকরা অবস্থান ধর্মঘট করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত চালকেরা এ ধর্মঘট করে।
ট্রাকচালক আব্দুর রহিম, আব্দুল হামিদ, আব্দুর রশিদ অভিযোগ করেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক সকালে ওজন স্টেশনে পরিমাপের জন্য গেলে অপারেটর পেছনের চাকায় অনুমোদিত ৮ টনের বেশি ওজন হওয়ায় ৫০ টাকার বিনিময়ে ট্রাকটি স্টকইয়ার্ডে পাঠায়।
ট্রাকচালক পেছনের মালামাল সামনে এনে ওজন স্টেশনে গেলে পুনরায় একই ওজন ধরা পড়ে। চালক বিষয়টি কর্মকর্তাদের জানালে তারাও সমাধান দিতে পারেননি বলে জানান চালকরা।
তারা বলেন, অপারেটররা নানা অজুহাতে টাকা দাবি করে, না দিলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখে।
সেতু পলিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান এমসিসিসি-এসইএল-ইউডিসির ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার (অব:) মুজাহিদুল ইসলাম জানান, ওজন স্কেলে কিছুটা সমস্যা থাকায় ট্রাক চালকদের সঙ্গে অপারেটরদের সমস্যা হয়েছিল।
আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে বলে জানান মুজাহিদুল ইসলাম।
