দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্যাংকলরির চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর-চিরিরবন্দর সড়কের বেকিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- পার্বতীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ইকবাল সরকার লিটন (৩২) এবং তার স্ত্রী শাহিনা বেগম (২৫)।
এ সময় আহত হয় তাদের ছেলে ইসতিয়াক (৬)। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি হারিসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিটন স্ত্রী-সন্তানকে নিয়ে দিনাজপুর শহরে আসছিলেন।
পথে একটি ট্যাংকলরি মোটরসাইকেলটিকে পিছন থেকে জোরে ধাক্কা দেয়।এ সময় তারা রাস্তায় ছিটকে পড়লে তাদের উপর দিয়েই লরিটি চালিয়ে যায় চালক। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
আহতবস্থায় তাদের ছেলে ইসতিয়াককে হাসপাতালে পাঠায় লোকজন।
চালক যান নিয়ে পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে দিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
