২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ঢিলে মৃত্যু: ইকবাল দুই দিনের রিমান্ডে

চলন্ত ট্রেনে ঢিলের আঘাতে এক নারী প্রকৌশলী নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজ মঙ্গলবার এ আদেশ দেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে আদালত দুই দিনের হেফাজত মঞ্জুর করে।

ওসি জানান, গ্রেপ্তার ইকবাল (১৯) নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল। তবে এখন সে কিছুই করে না। এলাকায় সে ‘বখাটে’ হিসেবে পরিচিত।

সোমবার সকালে সীতাকুণ্ড থানাধীন কেশবপুর এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Image
File Photo

File Photo

গত ১০ অগাস্ট রাতে ঢাকামুখী তূর্ণা নিশিথা চট্টগ্রামের ভাটিয়ারী ভাঙ্গা সেতু এলাকা পার হওয়ার সময় জানালা লক্ষ্য করে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। ঢিলের আঘাতে প্রীতি দাশ নামের এক প্রকৌশলী নিহত হন।

এ ঘটনায় রেল পুলিশ একটি মামলা করে। ১২ অগাস্ট ঘটনাস্থল থেকে রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে প্রীতি দাশ হত্যার বিচার দাবি করে তার পরিবারের সদস্য ও স্বজনরা।

ওসি শহীদুল্লাহ বলেন, “জড়িতদের গ্রেপ্তারে এখনো অভিযান চলছে। শিগগিরই আরও তথ্য জানা যাবে।”

পুরনো খবর:

ট্রেনের জানালায় ঢিল, প্রাণ গেল তরুণীর