পুলিশের সামনে বাদীকে ছুরিকাঘাত
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই মামলার বাদীকে পুলিশের সামনেই ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডা সবুজবাগ এলাকার এ হামলায় আহত হন স্থানীয় এনায়েত হোসেন (৩৪)।
পেট ও মাথাসহ মোট ছয়টি স্থনে তাকে আঘাত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বশির আহম্মেদ বলেন, এনায়েতের অভিযোগ পেয়ে সোমবার দুপুরে ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানোর সময় এনায়েতকে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ তিতন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এএসআই বশির আহম্মেদ ফোর্স সঙ্গে নিয়ে সবুজবাগ এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত এনায়েতকে সবুজবাগ এলাকার চিহ্নিত ছিনতাইকারী রফিক ও তার কয়েকজন সহযোগী ঝাপটে ধরে পেটে ও মাথায় এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রব বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
