ঢিলে তরুণীর মৃত্যু: আরো ১ জন গ্রেপ্তার
চলন্ত ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে তরুণী নিহত হওয়ার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ইকবাল হোসেন মিশুক (১৯) সীতাকুণ্ড থানাধীন কেশবপুর এলাকার হারুনুর রশিদের ছেলে।
সোমবার সকালে কেশবপুর এলাকা থেকে সীতাকুণ্ড থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. শহীদুল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিশুককে চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালতে হাজির করে সাত দিনে রিমাণ্ড চাওয়া হলে সোমবার শুনানির দিন রেখেছেন তিনি।
রেল পুলিশের এই কর্মকর্তা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিশুকের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করছি না।”
গত ১০ অগাস্ট রাতে ঢাকামুখী তূর্ণা নিশিথা ট্রেন চট্টগ্রামের ভাটিয়ারী ভাঙ্গা সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর ছোড়ে দুর্বৃত্তরা। ঢিলের আঘাতে প্রীতি দাশ নামের এক তরুণী নিহত হন।
এ ঘটনায় রেলওয়ে পুলিশের করা মামলায় গ্রেপ্তার রুবেলকে দুদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
মিশুককে হেফাজতে পাওয়া গেলে দুজনকে সামনা-সামনি হাজির করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
