২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর শিবিরের হামলার ঘটনায় ২ মামলা

চট্টগ্রাম নগরীতে পুলিশের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার ঘটনায় তিন শতাধিককে আসামি করে দুটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার দুপুরে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠু দাশ বাদি হয়ে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের অভিযোগে একটি এবং দ্রুত বিচার আইনে অন্য মামলাটি করেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আড়াইশ জনকে আসামি করা হয়েছে। আর দ্রুত বিচার আইনে করা মামলায় আসামি করা হয়েছে ৩৫ জনকে।

গত রোববার সকালে নগরীর বাদুরতলা এলাকায় ঝটিকা মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালায়  ছাত্রশিবির। এ সময় পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ করে। হামলায় দুই পুলিশ সদস্য এবং এক সাংবাদিক আহত হন। ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে  বিকেলে চট্টগ্রাম কলেজের শেরে বাংলা ছাত্রাবাসে তল্লাশী চালিয়ে ৫৮ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় তিন জনকে।

বাকি ৫৫ জনের মধ্যে ৩২ জনকে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা দুটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।  আগের কয়েকটি মামলায় অন্যদের গ্রেপ্তার দেখানো হয়েছে।