হাতিয়ায় বাঁধ ভেঙ্গে ৭ গ্রাম প্লাবিত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।
পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার সুখচর ইউনিয়নের মুলিসাগো, চরআমানউল্লা গ্রাম, কাহার গ্রাম, দরগা গ্রাম, কাদির সর্দার গ্রাম, মাকসুদিয়া গ্রাম ও বাদশামিয়াগো গ্রামের দুই হাজার মানুষ।
জোয়ারের পানিতে ভেসে গেছে একটি বসত বাড়ি।
সুখচরের বাসিন্দা ও ওয়কার্স পার্টি হাতিয়া উপজেলা সভাপতি আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হতে থাকে। এতে দক্ষিণ চর আমানউল্লা বেড়ি বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকতে থাকে।
জোয়ারের পানিতে মুলিসাগো গ্রামের নিজাম উদ্দিনের বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে বলেও জানান তিনি।
চর আমানউল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর জানান, জোয়ারের পানি বৃদ্ধির কারণে জরুরি ভিত্তিতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেদুর রহমান জানান, বেড়িবাঁধের তিনটি ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে সমস্যা দেখা দিয়েছে।
