দৌলতদিয়ায় ফেনসিডিলসহ যুবক আটক
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে প্রায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার রাতে ঘাট এলাকা থেকে ফেনসিডিল বহনকারী একটি ট্রাক এবং তাজুল ইসলামকে (২৮) আটক করা হয়।
তাজুল যশোরের শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
সে ওই ট্রাকের চালকের সহকারী হিসেবে কাজ করতো বলে পুলিশ জানিয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা গোয়েন্দা-৩ বিভাগের উপ-পরিচালক মজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি আটক করা হয়। এ সময় চালক পালিয়ে যায়।
পরে ট্রাকে তল্লাশি করে ৭টি বস্তায় রাখা ১ হাজার ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার দুপুরে একটি মামলা করেছে।
