নারায়ণগঞ্জে হেফাজত নেতা কারাগারে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মামলায় সংগঠনটির জেলা যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক ফেরদাউসুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার নারায়ণগঞ্জ প্রধান বিচারিক হাকিম যাবিদ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।
বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান নারায়ণগঞ্জ আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, গত ৬মে সিদ্ধিরগঞ্জের ঘটনায় দুই বিজিবি ও দুই পুলিশ সদস্যের মৃত্যু এবং গাড়ি পোড়ানোর মামলায় প্রথমে অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা হয়।
পরে পুলিশ আসামিদের নাম অন্তর্ভুক্ত করে। এতে ফেরদাউসও আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত।
উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।
গত ৬মে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে হেফাজতের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে দুইজন বিজিবি সদস্য, দুই পুলিশসহ ১৯ জন নিহত হয়। আগুনে পুড়িয়ে দেয়া হয় কাঁচপুর হাইওয়ে থানা এবং পুলিশ ফাঁড়ি। অগ্নিসংযোগ করা হয় অন্তত ১০টি গাড়িতে।
