চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের হাতে যুবলীগ কর্মী খুন
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন (৪০) উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাট এলাকার মো. নাছেরের ছেলে। তিনি এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
শনিবার রাতে চৌধুরীহাট বাজার এলাকায় তার সঙ্গে জসিম উদ্দিন (৩৫) ও সেকান্দর নামে আরো দুজনকে কুপিয়ে আহত করেছে তারা।
চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌনে আটটার দিকে চৌধুরীহাট বাজারে দুর্বৃত্তরা ওই তিন জনের ওপর হামলা চালায়।
নিজাম উদ্দিন বলেন, “ধারালো অস্ত্রের আঘাতে মোবারক হোসেন ঘটনাস্থলেই মারা যায়। জসিম ও সেকান্দরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
ঘটনাস্থল থেকে একটি বুলেট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
